
এখনও তো ইচ্ছেরা ভাসে ক্ষত বুকে
শুষে নেয় বিষাদের গূঢ় তাপ, ঠিক
যেমন আলো ভাঙে আঁধার। মেঘ ঝুঁকে
পড়লে বিলাপবিদ্ধ মায়া খোলে দ্বীপ।
পিছনের কারুকলা যেন প্রবচন
প্রাচীন আর থিতুর বসত শব্দে,
রক্তে জাগে উদ্ভাস জাগে দহন
গভীরতর। ঘূর্ণমান প্রলুব্ধে।
কোথায় রাখব আমার নিসর্গের
প্রতি অমোঘ টান? ছন্দ চক্রের
ত্রিপাদ ভূমিতে কোলাহল, তর্কের
কুটিল দৃষ্টি এড়াব রেখবক্রের।
দৃশ্যাতীতে খোলে বসন্তদুয়ার
ফিরে আসে অভ্যাসি মুক্তি পয়ার।