
প্রতিবেদক : চকিতা চট্টোপাধ্যায়
প্রযোজনা : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নাটক বিভাগ
ভাবনা ও প্রধান উপদেষ্টা : ডঃ তরুণ কুমার প্রধান ( বিভাগীয় প্রধান )
নির্দেশনা: অর্নিবাণ সরকার ও সায়ন্তী ঘটক
অভিনয়ে: নাট্য বিভাগের ছাত্রছাত্রী ও থিয়েটার রেপার্টয়্যারের শিল্পীরা
স্থিরচিত্র: গোপীনাথ রায়
প্রযোজনা সয়ায়তা: দেবাঞ্জন চট্টোপাধ্যায়

“বৈরাগ্যসাধনে মুক্তি, সে আমার নয়।।
অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়
লভিব মুক্তির স্বাদ।…”
রবীন্দ্রনাথ সর্বত্রই মুক্তির পক্ষে, বন্ধনের বিপক্ষে। তাইতো তাঁর নাটকে দেখি মুক্তির জন্য মানুষের ব্যাকুলতা! সে মুক্তির ভিন্ন ভিন্ন রূপ… কখনও তা আত্মার মুক্তি, আবার কখনও বা বৃহত্তর জগতে আপামর জনগনের মুক্তি! রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ এই মূল ভাবনাকে কেন্দ্র করে ‘রক্তকরবী’, ‘ডাকঘর’, ‘অচলায়তন’, ‘মুক্তধারা’ নাটকের অংশবিশেষ দিয়ে সাজিয়ে তুলেছেন তাঁদের নিবেদন “কোলাজে রবি”, যেটি তাঁরা সম্প্রতি কবি প্রণামে মঞ্চস্থ করলেন নটী বিনোদিনী প্রেক্ষাগৃহে।



কত সামান্য উপকরণ দিয়েও দৃষ্টিনন্দন উপস্থাপনা যে সম্ভব তা তাঁরা প্রমাণ করে দিলেন। যেখানে রোজকার সাধারণ বেঞ্চ রূপান্তরিত হলো কখনও যক্ষপুরীর দরজা হিসেবে আবার কখনও বা বাঁধ হয়ে! অনবদ্য আঙ্গিক ও বাচিক অভিনয় দিয়ে প্রতিটি মুহুর্তকে তাঁরা ভরিয়ে তুলেছিলেন! তাঁদের যোগ্য সঙ্গদ করেছেন কণ্ঠ ও
যন্ত্রসঙ্গীত বিভাগের ছাত্রছাত্রীরাও। প্রত্যেকের মিলিত টিমওয়ার্ক আরেকবার মনে করিয়ে দিল যে নাটক একটি যৌথ শিল্প।
আগামী দিনে এমন আরও প্রযোজনার জন্য প্রতীক্ষা রইল!

