লেখিকা,নাট্যকার,চিত্রনাট্যকার,অভিনেত্রী, চিত্র ও নাট্য পরিচালিকা, বাচিক শিল্পী, কোরিওগ্রাফার,নাট্য ও চিত্র সমালোচক, অতিথি অধ্যাপিকা ( নাটক )

লেখালেখির অভ্যাস অক্ষর পরিচয়ের শুরুতেই। দাদু-দিদা-মা-বাবা-মামা-মাসিদের উৎসাহে, ভুল-ভাল বানানে নিজের মনে ডায়রী লেখার মাধ্যমে। জীবনে প্রথমবার ছাপার অক্ষরে নিজের নাম দেখা স্কুলে পড়বার সময়, সত্যজিৎ রায়-লীলা মজুমদার -নলিনী দাশ সম্পাদিত ‘সন্দেশ’ পত্রিকার ছোটদের বিভাগ ‘হাত পাকাবার আসর’এ গল্প লেখা ও ছবি আঁকার সুবাদে। ‘শিল্পশ্রী’ উপাধিপ্রাপ্তা চকিতা ছোটবেলায় সত্যজিৎ রায়কে জন্মদিনে নিজে হাতে কার্ড এঁকে পাঠাতেন! সেই সূত্রে সত্যজিৎ রায়ের সঙ্গে চিঠি, ফোন ও সাক্ষাতের মাধ্যমে আলাপ। জীবনে প্রথমবার নাট্যকার হিসেবে আকাশবাণী কলকাতায় আত্মপ্রকাশও সেই সত্যজিৎ রায়ের গল্প ‘অতিথি’র ( পরে যে গল্পটি নিয়ে উনি ‘আগন্তুক’ ছবিটি করেছিলেন) বেতার নাট্যরূপ দিয়ে, অবশ্যই চকিতার কবিতা ও বাচিক অভিনয় শিক্ষা গুরু শ্রী জগন্নাথ বসুর প্রেরণায়। তার লেখা বেতার নাটকের পান্ডুলিপিটি নন্দনের ‘সত্যজিৎ রায় আর্কাইভ’ সংরক্ষণ করেছেন।
১৯৮৮ সাল থেকে আকাশবাণীর নাট্যবিভাগের নাট্যকার। পরে অভিনেত্রীও হন।
নৃত্য প্রভাকর ( কথ্থক) চকিতা, ভারতীয় ভাষা পরিষদ, যুবাগোষ্ঠীর কোরিওগ্রাফার, অভিনেত্রী ও নাট্য পরিচালিকা হিসেবে যুক্ত ছিলেন। সেখানে বাংলা, হিন্দী, গুজরাটি ভাষার নাটকেও অংশ নিয়েছেন।
পরবর্তীকালে বেসরকারি রেডিও চ্যানেল 92.7 Big FMএর জনপ্রিয় ‘একটার নাটক’ ও ‘বিগ রেডিও নাটক’ এর নাট্যকার ও অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন।
হিন্দুস্থান রেকর্ড Inreco Digital platform এর জনপ্রিয় OTT series ‘আবার ভানু’ র অভিনেত্রী তিনি। Inreco Children ও Sentur Cartoons এর Animation Films এর চিত্রনাট্যকার ও ভয়েস অ্যাক্টরও তিনি। পাশাপাশি লিখেছেন, ভাষ্যপাঠ করেছেন বহু তথ্যচিত্র ও বিজ্ঞাপন চিত্রেও।
ফ্রিল্যান্স জার্নালিস্ট, গল্প ও ফিচার রাইটার এবং বই-নাটক-চিত্র সমালোচক হিসেবে বতর্মান, সাপ্তাহিক বর্তমান, সুখী গৃহকোণ, প্রবাসী আনন্দবাজার, আনন্দমেলা, প্রতিদিন, প্রাত্যহিক খবর, সুখবর, আলোকপাত, শিলাদিত্য, সন্দেশ, কিশোর মন, শুকতারা, নবকল্লোল ইত্যাদি বানিজ্যিক পত্র-পত্রিকার সঙ্গে যুক্ত আছেন ১৯৮৯ সাল থেকে । এখন ‘বর্তমান’ খবরের কাগজের ছোটদের পাতা ‘হ য ব র ল’ এর নিয়মিত লেখক তিনি।
এডুকেশনে স্নাতক ও ‘বি. এড’ চকিতার স্নাতকোত্তর পড়া নাটক নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর পরীক্ষায় শীর্ষস্থানাধিকারিণী চকিতা ‘গুরু’ হিসেবে পেয়েছেন প্রবাদপ্রতীম নাট্যব্যক্তিত্বদের সান্নিধ্য। দীর্ঘদিন ছিলেন রবীন্দ্রভারতীর নাটকের External Examinar, বতর্মানে তিনি রবীন্দ্রভারতীর নাটক বিভাগের অতিথি অধ্যাপিকা।
চকিতা একজন চিত্রনাট্যকারও। কলকাতা দূরদর্শনের সরকারি প্রোমোশানাল ফিল্ম, বেসরকারী টেলিভিশন চ্যানেলের ( ইটিভি বাংলা, আকাশ বাংলা, জি আলফা বাংলা ) জনপ্রিয় ‘অতি উত্তম’, ‘গুড মর্ণিং’, ‘পুলিশ ফাইলস’ ইত্যাদির মতো বিভিন্ন ফিকশান ও নন্ ফিকশানের চিত্রনাট্যকার তিনি। ২০০৮ সালে মিনার -বিজলী-ছবিঘরে মুক্তি পেয়েছিল চকিতার চিত্রনাট্য ও সংলাপ নিয়ে তৈরী সিনেমা ‘লাল রঙের দুনিয়া’ যাতে অভিনয় করেছিলেন দেবশ্রী রায়, রাজেশ শর্মা, গীতা দে প্রমুখরা।
চকিতার প্রকাশিত গ্রন্থের মধ্যে যেমন আছে ‘বেতারের তেরো নাটক’, ‘শ্রুতিতে সুচিত্রা’, ‘তারাপীঠভৈরভ সাধক বামাক্ষ্যাপা’, ‘সেরা শ্রুতিনাটক’, ‘অনুশ্রুতি’র মতো নাটকের বই, তেমনই আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত ‘একশো ভূতের একশো বাড়ি’, ‘শুকতারার ১০১ ভূতের গল্প’(৩য় খন্ড )এর মতো গল্পের বই। আবার তার ঝুলিতে আছে ‘গানে ও সুরে পঙ্কজকুমার মল্লিক’, ‘গানে ও সুরে সত্য চৌধুরী’, ‘ বাসন্তী রঙে আঁকা’র মতো জীবনীমূলক গ্রন্থ, আছে ‘চিরপ্রণম্য’র মতো রঙিন কমিক্সের বইও। সেই সঙ্গে আছে ই-বুক রোমান্টিক থ্রিলার ‘ছায়াপথ’ এবং ঐতিহাসিক উপন্যাস সংকলন ‘ইতিহাস কথা বলে’।
যুগ্ম প্রকাশিকা হিসেবে প্রকাশ পেয়েছে ‘রত্নে সমাধান’ ( সাধনভাই ও সন্তোষ চট্টোপাধ্যায় ( ভার্গব ) এর লেখা বই)।
ধর্মীয় গুরু ভবাপাগলার জীবনীমূলক ক্যাসেট ‘ভবামৃত’ রও নাট্যকার তিনিই।
নানা সময় যুক্ত থেকেছেন এবং এখনো আছেন ঋতায়ন, সুরসৌরভ, মেঘমল্লারের মতো বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে।
নিজস্ব গ্রুপ ‘সুরলোক সঙ্গীতায়ন অ্যান্ড কালচারাল অ্যাকাডেমী’র তরফ থেকে অভিনেত্রী -উপস্থাপিকা-কোরিওগ্রাফার ও পরিচালিকা হিসেবে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব,গণনাট্যের পঞ্চাশ বছর, নজরুল জন্ম শতবর্ষসহ বহু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কর্মকাণ্ডে। একাধিকবার অংশগ্রহণ করেছেন কলকাতা দূরদর্শনের ‘ছুটি ছুটি’, ‘হরেকরকমবা’র মতো জনপ্রিয় অনুষ্ঠানে। এছাড়া দূরদর্শনের ‘টপার’, ‘তরুণদের জন্য’, ‘ রঙ্গব্যঙ্গ’, ‘সাহিত্য সংস্কৃতি’, ‘অপরাজিত’র মতো নিজস্ব অনুষ্ঠান এবং আকাশবাণীর ‘কথিকা’, ‘সমীক্ষা’র মতো অনুষ্ঠানেও চকিতা লিখেছেন,অংশ নিয়েছেন,পরিচালনা করেছেন।
স্নাতকোত্তরে শীর্ষস্থান পাওয়ার পর তাঁকে নিয়ে কলকাতা দূরদর্শনে হয়েছিল ‘টপার’ অনুষ্ঠান। তাঁর লেখা চিত্রনাট্য নিয়ে তৈরী টেলিফিল্ম “নিশিপদ্ম” পেয়েছিল ইটিভি বাংলার ‘সর্বোত্তম’পুরস্কার। বতর্মানে নাট্যকার-অভিনেত্রী-উপস্থাপিকা হিসেবে যুক্ত আছেন বং রেট্রো,ব্র্যান্ডওয়েভ ওয়াইল্ড লাইফ,সর্মপণ,রামধনু এফ এমের মতো ইউটিউব চ্যানেলের সঙ্গে।
নয়ের দশকের একাধিক দূরদর্শন সিরিয়ালের অভিনেত্রী চকিতা এখনো অভিনয় করে থাকেন। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘কোথায় তুমি’ সিনেমাটি।
নিজের লেখা চিত্রনাট্য নিয়ে ২০১৮ সালে তাঁর পরিচালিত NICD প্রযোজিত শর্ট ফিল্ম ‘X=প্রেম’ মুক্তি পেয়েছে NICD র নিজস্ব OTT Platform এ।